ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনগুলো থেকে দেশটির নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও আগরতলায় সহকারী হাইকমিশনের দপ্তর থেকে ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে কেবল গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের দপ্তর থেকেই ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা কার্যক্রম চালু রয়েছে।
এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একাধিক দায়িত্বশীল সূত্র পর্যটক ভিসা দেওয়ার বিষয়টি ‘সীমিত’ করা হয়েছে বলে নিশ্চিত করেছে।
কর্মকর্তারা জানান, পর্যটক ভিসা ‘সীমিত’ করা হলেও বাণিজ্যিক ভিসা, কূটনৈতিক ভিসা ও অন্যান্য ক্যাটাগরির ভিসা দেওয়া আপাতত অব্যাহত থাকবে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত কয়েক দিনের জন্য বাংলাদেশে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু করা হলেও ভারত সরকার জানিয়ে দেয়, চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো ভিসা আপাতত ইস্যু করা হবে না।
বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।
সূত্র: বিবিসি বাংলা