গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বন্দরে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন গেজেটভুক্ত ৯ জন জুলাইযোদ্ধা। বন্দর কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তের আওতায় চুক্তিভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে তাদের নিয়োগ কার্যকর হয় ও মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসারের কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে জানানো হয়, বন্দরের দাপ্তরিক কাজের স্বার্থে গেজেটভুক্ত এই জুলাইযোদ্ধাদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী বা সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন, আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহীম। তারা এখন থেকে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, প্রশাসন বিভাগ, নৌ-বিভাগ, নৌ-প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ ও বন্দর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করবেন।
নিয়োগ প্রক্রিয়ার প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি সম্পর্কে আদেশে বলা হয়, সংশ্লিষ্ট বিভাগগুলো প্রতি মাসে কর্মীদের হাজিরা শিট প্রশাসন বিভাগে প্রেরণ করবে। এর ভিত্তিতে প্রশাসন বিভাগ সেবামূল্যের বিল প্রস্তুত করে অর্থ ও হিসাব বিভাগে পাঠাবে। পরে অর্থ ও হিসাব বিভাগ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের মাধ্যমে মাসিক সেবামূল্য বা পারিশ্রমিক পরিশোধের ব্যবস্থা করবে।
এই প্রক্রিয়া সম্পন্ন করতে চুক্তিবদ্ধ কর্মীদের আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ ব্যাংক হিসাবের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, জুলাইযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও তাদের অবদানের কথা বিবেচনা করে এই নয়জনকে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের প্রচলিত আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা তাদের মাসিক পারিশ্রমিক বা সেবামূল্য প্রাপ্য হবেন।