রাজধানীসহ তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকাগুলোতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ (শনিবার) দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ থাকবে। শুক্রবার (২৩ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে জানানো হয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত সব শ্রেণির গ্রাহক এ সমস্যার মুখে পড়বেন।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।