ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তিনি কোকোর কবর জিয়ারত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।
কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যানও ছিলেন।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন কোকো। ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান তিনি।
পরে চিকিৎসা শেষে মালয়েশিয়া চলে যান কোকো। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই সপরিবারে বাস করছিলেন। স্ত্রী শামিলা রহমান, দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন তিনি।