ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ঘিরে এখন পর্যন্ত বড় কোনো নিরাপত্তার থ্রেট নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।’
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ অভিযোগ সেল গঠন করা হয়েছে। নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে সাধারণ মানুষ সরাসরি এই সেলে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ সেলের নম্বরগুলো হলো: ০১৫৫০০৬৮২২৬ ও ০১৫৫০০৬৪২২৭।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনের আগে ও পরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠপর্যায়ে সক্রিয় থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দায়িত্ব পালনে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না। কেউ যদি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচন সংক্রান্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘সাংবাদিকরা যাতে দ্রুত ও সঠিক তথ্য পেতে পারেন, সে জন্য কেন্দ্রগুলোতে বিশেষ ডেস্ক বা সেল কাজ করবে।’
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ও সারা দেশের বর্তমান নিরাপত্তা চিত্র পর্যালোচনা করা হয়।