আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সফরের অংশ হিসেবে তিনি রাজশাহী ও নওগাঁয় নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। সকালে বিমানে ঢাকা থেকে রাজশাহী যাবেন তারেক রহমান। রাজশাহীতে প্রথমে বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম (রাহ:) রহমাতুল্লাহি আলাইহি'র মাজার জিয়ারত করবেন তিনি।
রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে কয়েকটি পথসভায়ও অংশ নেবেন তিনি। রাতে নিজ জেলা বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। পরে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথমদিনের কর্মসূচি শেষ করবেন বিএনপি চেয়ারম্যান।
এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি। মহানগরের মাদ্রাসা মাঠে তৈরি করা হচ্ছে বিশাল সমাবেশ মঞ্চ। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা। এদিন ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সমাবেশস্থলে।
সফর উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির স্থানীয় নেতারা। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর সমাবেশে তিনটি জেলার মোট ১৩ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
পরদিন রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন তিনি। শনিবার (৩১ জানুয়ারি) বগুড়া থেকে, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম রাজশাহীতে কোনো কর্মসূচিতে যোগ দিচ্ছেন তারেক রহমান।