বেতন কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পে কমিশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পে-কমিশন একটি ভালো ইস্যু। আমরা পে-কমিশনের সুপারিশগুলো এক্সামিন করার জন্য একটি কমিটি করে দিয়ে যাবো। এজন্য বাজেটও যে ফেজওয়াইজ করবে, সেটার সংস্থান করে যাচ্ছি।’
পরের সরকার যে এটা করবে, তার নিশ্চয়তা কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দিয়ে যাবো টাকা-পয়সা, তারপর বলে যাবো এটা রেকমেন্ডেশন। এটা রিপোর্ট অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। আশা করি এটি সফলভাবে বাস্তবায়িত হবে।’
সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে। মোট কথা, আমরা এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি।’
প্রসঙ্গত, সম্প্রতি সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন।