এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে নতুন সময়ে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
প্রেসসচিব এদিন বলেন, রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজেদের সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলেও জানান তিনি।
এদিন সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হওয়া অধ্যাদেশ, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা ছাড়াও দ্বিপক্ষীয় চুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেসসচিব।
উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।