গাছের অতিরিক্ত শাখা-প্রশাখা কর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ কারণে নেসকো সিরাজগঞ্জ দপ্তরের আওতাধীন ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ কাজ ও গাছের অতিরিক্ত শাখা প্রশাখা কর্তনের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় সিরাজগঞ্জের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাসস্ট্যান্ড, চক শিয়ালকোল ও দিয়ার বৈদ্যনাথসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।