নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি চাকরিজীবীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা। এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারীরা অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানও দেন তারা।
এতে উপদেষ্টা পরিষদের সব কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। আধঘন্টা ধরে আন্দোলনকারীরা যমুনার মূল ফটকে অবস্থানের পর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, ‘কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরো জোরদার করা হয়েছে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। তবে এর আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীরা।
আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়।
এর আগে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল করছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে ভুখা মিছিল নিয়ে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে।
এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন তারা।