সরকারি চাকরিজীবীদের বিক্ষোভ
সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভের মুখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেখানে অন্তত ১০ মিনিট অবস্থানের পর তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে পড়ে সরকারি কর্মচারীরা।
দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।
এর আগে, সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এ সময় বিভিন্ন স্লোগন দেন সরকারি চাকরিজীবীরা।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।
বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।