রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে এ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এই আল্টিমেটাম দেন।
এ সময় তিনি বলেন, ‘আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে এ হামলায় জড়িতদের একটি তালিকা দিয়েছি। আর আমরা বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে বিচার না হলে পরের কর্মসূচি ঘোষণা করব।’
এর আগে রাত ৯টার দিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যান।
সংশ্লিষ্ট নেতারা তখন জানান, উভয় পক্ষের ওই বৈঠকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম, রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বারডেম হাসপাতালের পাশ দিয়ে মৎস্য ভবনের দিকে রাস্তা খোলা ছিল। পরে রাত ৮টার দিকে শাহবাগে সংঘর্ষ শুরু হলে ডাকসু নেতারা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন।