ভোটকেন্দ্রে উপস্থিত থাকলে নির্ধারিত সময়ের পরও ভোট দেওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, ‘এবার ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে ভোট হবে (পোস্টালসহ)। অর্ধেক কেন্দ্রই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পরও কেন্দ্রে ভোটার থাকলে আইন মোতাবেক তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।’
এবারের নির্বাচনে সারা দেশে মোট দুই হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন বলে জানান তিনি। এর মধ্যে নারী প্রার্থী ৮১ জন।
ইসি সানাউল্লাহ জানান, ভোটের নিরাপত্তায় সারা দেশে নয় লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করবেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন দুই হাজার ১০০ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ৬৫৭ জন।
ভোটকেন্দ্রগুলোতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘সন্ধ্যা নাগাদ সব কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে।’
ইসি সানাউল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি সন্তুষ্ট। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে, সেগুলো না হলে আরও ভালো হতো। মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শুধু নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। সাংবাদিক ও পর্যবেক্ষকেরা নীতিমালা মোতাবেক মোবাইল ব্যবহার করবেন।’
ভোটার উপস্থিতি ভালো হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘মানুষের উচ্ছ্বাস দেখে তাই মনে হচ্ছে।’