বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে। ইতিমধ্যে দেশজুড়ে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও বাক্স পৌঁছাতে শুরু করেছে।
এদিকে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় বুধবার পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আর ভোর ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে। পরদিন সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে। অর্থাৎ সূর্য ওঠার এক ঘণ্টার মধ্যে শুরু হবে ভোটগ্রহণ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।