ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী এবার একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের একটি ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। প্রধান উপদেষ্টা চাইছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন হবে, আর আমরা এখন পর্যন্ত দেখছি সত্যিই একটি ঐতিহাসিক নির্বাচন হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারছে। আমিও সেই আনন্দের অংশ হয়ে আজ ভোট দিলাম। আশা করি, সারাদিন এভাবেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।’
শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘শুধু গতকাল নয়, গত ছয় মাস ধরেই নানা ধরনের গুজব শোনা যাচ্ছে—ভোট হবে না, এটা হবে, ওটা হবে। কিন্তু আজ আপনারা নিজের চোখেই দেখছেন, সুন্দরভাবে ভোট হচ্ছে।’ ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বড় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোও ফলাফল মেনে নেওয়ার অঙ্গীকার করেছে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘আমি টেলিভিশনে দেখেছি, উভয় পক্ষই বলছে ফলাফল যাই হোক তারা তা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, তাই সবাই ফলাফল মেনে নেবে, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।’