দেশের ভেতর থেকে ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়ার কথা জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি আসনের সবকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোনো একটা কেন্দ্রেও বিলম্বের কারণ ঘটেনি। দুপুর ১২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টা কেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের খবর পেয়েছি। সে অনুযায়ী ভোট দেওয়ার হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।’