কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিজয়ী জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ২২ মিনিটের সময় তিনি তার অফিশিয়াল ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এই শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্ট তিনি লিখেছেন, জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো কাজে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি আরও লেখেন, কুষ্টিয়ার মানুষের কল্যাণে যে কোন ভাল কাজে পাশে থাকব ইনশাআল্লাহ।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা এক লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন পেয়েছেন এক লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪২টি।
এ আসনে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে নারী দুই লাখ ২৩ হাজার ৫৬৯ জন ও পুরুষ ভোটার দুই লাখ ১৭ হাজার ২২৯ জন।