বরিশাল-৫ ও ৬ আসনে ধানের শীষ প্রতীক প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। নির্বাচনী প্রচারণায় দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৭৬টি কেন্দ্রের সবগুলোতেই গণনা সম্পন্ন হয়েছে। এতে মজিবর রহমান সরোয়ার পেয়েছেন এক লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। আর মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।
বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম। এ আসনের মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ০৮৭ ভোট। পরের স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। আর মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির শক্ত সংগঠন কাঠামো ও স্থানীয় গতিশীলতার কারণে হাতপাখা প্রতীক তার অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়।
ফলাফল ঘোষণার পর উভয় আসনেই ধানের শীষের পক্ষে নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচনী পরিবেশ শান্ত ছিল বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।