বিএনপি এবং এর চেয়ারম্যান তারেক রহমানকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়ে জারদারি বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তান সমর্থন জানায়। নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইসলামাবাদ আগ্রহী।
ঢাকার এই নতুন রাজনৈতিক পরিবেশ পুরো অঞ্চলে ‘আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক’ বজায় রাখতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ৯ ঘণ্টা ধরে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। দলটির নেতা তারেক রহমান এই নির্বাচনে দুটি আসন থেকে জয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
এ ছাড়া বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
তারেক রহমানের দল বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২১২টিতে জয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল থেকে এমন তথ্যই জানা গেছে।