জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আয়োজিত গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ মানুষ অংশগ্রহণ করেছেন। এতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
এর আগের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ৯ ঘণ্টা এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দেড় বছর পর অন্তর্বর্তী সরকারের অধীনে আয়োজিত এই নির্বাচনে ভোট পড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
ভোটের পরদিন নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে ২১২টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি ও তার মিত্ররা। তাদের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছে।
জাতীয় সংসদের বাকি ৩টি আসনের মধ্যে চট্টগ্রামের দুটি এবং শেরপুরের একটি আসনে ভোট স্থগিত ছিল।