২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর দেড় বছর পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কার্যত এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল।
গত মঙ্গলবারই ছিল অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস। এ উপলক্ষে অনেক উপদেষ্টা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠান করেছেন, যদিও তারা এখনো দায়িত্বে আছেন। নির্বাচনের আগের দিন বুধবার ছিল সরকারি ছুটি। তাই কেউ বাসায় সময় কাটিয়েছেন, কেউ অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে, আবার কেউ অফিসেও গেছেন।
বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে আছেন চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারীও রয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার কর্মব্যস্ত সময় কাটান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
এ ছাড়া যমুনায় আরেকটি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলও তার সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব শেষে তিনি আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে তিনি সেখানে কর্মরত ছিলেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেছে। তিনি জানান, কিছুদিন বিশ্রাম নিয়ে মার্চের দিকে যোগ দেওয়ার পরিকল্পনা আছে। সরকারি বাসায় থাকতেন না বলে বাসা ছাড়ার প্রশ্ন নেই তার।
আইন উপদেষ্টা আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচনের পর উপদেষ্টার দায়িত্ব শেষে তিনি আবার আগের পেশায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাবেন। এ ছাড়া মৌলিক বিষয়ে লেখালেখি ও গবেষণা করবেন। তিনি বলেন, ‘খুব অপেক্ষায় আছি, কখন আমার সেই প্রিয় জীবনে ফিরে যাব।’
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সরকারি দায়িত্ব শেষে কিছুদিন বিশ্রাম নেবেন। এরপর আগের মতোই লেখালেখিতে ফিরে যাবেন।
ভূমি উপদেষ্টা আলী ইমাম
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার দায়িত্ব শেষে আগের মতোই সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি সংবাদপত্রে কলাম লিখতেন।
বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারি পুলের গাড়ি ফেরত দিচ্ছেন। আগের ব্যক্তিগত গাড়ি বিক্রি করেছিলেন। নতুন গাড়ি কেনার বিষয়ে খোঁজ নিচ্ছেন।
সরকারি দায়িত্ব শেষ হওয়ার পরপরই শুরু হবে পবিত্র রমজান মাস। অবসর সময়ে রোজা ও ইবাদতে মনোনিবেশের পরিকল্পনা রয়েছে তার। রমজানের পর আবার লেখালেখি ও বই পড়ায় ফিরবেন।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা দায়িত্ব শেষে আবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কাজে ফিরবেন।
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ দায়িত্ব শেষে কিছুদিন নিরিবিলি থাকার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা লিখবেন। পাশাপাশি ব্রতীতে ফিরে যাবেন এবং মানবাধিকার বিষয়ে কাজ করবেন। জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত নারীদের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা রয়েছে তার।