বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে তার সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তবে ওই দিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারছেন না। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করতে লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা আসছেন।