ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯০ আসনে প্রার্থী দিয়ে বিএনপি পেয়েছে ৪৯.৯৭ শতাংশ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট। তাদের প্রার্থী ছিল ২২৭টি আসনে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের হার সাংবাদিকদের জানায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটের হারে তৃতীয় অবস্থানে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩২ আসনে প্রার্থী দিয়ে তারা পেয়েছে ৩.০৫ শতাংশ ভোট। এনসিপি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যুক্ত হয়ে নির্বাচন করে।
গত তিন সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি ১৯৯ আসনে প্রার্থী দিয়েছিল। লাঙ্গল প্রতীকে তারা পেয়েছে ০.৮৯ শতাংশ ভোট। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ আসনে প্রার্থী দিয়েছিল। তাদের প্রাপ্ত ভোটের হার ২.৭ শতাংশ।
১১ দলীয় ঐক্যে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছে ২.০৯ শতাংশ। অন্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার এক শতাংশের নিচে। এসব দলের মধ্যে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।