সারাদেশে নির্বাচনপরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি শুরু হয়।
জানা যায়, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক দলগুলো এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিচ্ছে। সমাবেশে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন হয়নি, গণভোটও হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না। আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। জনগণ স্বৈরাচার তাড়াতে পেরেছে, সুতরাং সবাইকে সেটা মনে রাখতে হবে।’
নির্বাচনের পর সহিংসতা ও নিপীড়নের অভিযোগ তুলে তিনি দাবি করেন, ‘নির্বাচিত দল নির্বাচনের পরের দিন থেকেই জুলুম-নিপীড়ন শুরু করেছে।’
সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।