রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে গেলে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেছেন, ‘রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুতদার ও পাইকারদের উদ্দেশে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি।’
নবগঠিত সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন আরও বলেন, ‘কোনো বড় নেতা, মন্ত্রী কিংবা সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করার সুযোগ কাউকে দেওয়া হবে না। সকল মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।’