বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশের আকাশে চাঁদ দেখা যায়। তার পরই বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হয়। আর বৃহস্পতিবার পালিত হচ্ছে প্রথম রোজা। সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে এদিন থেকে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ী। তার সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলও চলাচল করছে বিশেষ সময়সূচিতে। অন্যদিকে বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়েছে প্রথম রমজান থেকেই।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময় অনুযায়ী রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। এখানেও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
অন্যদিকে রমজানে আদালতের কার্যক্রম চলবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ ছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুরে জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।
এদিকে মেট্রোরেলের নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ও শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে। যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে বিভিন্ন সময়ে ট্রেনের বিরতি বা হেডওয়ে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে এই সময়সূচি কার্যকর থাকবে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত। তবে শুক্র, শনি ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া রোজাদার যাত্রীদের কথা বিবেচনায় ইফতারের সময় মেট্রোরেলে পানি বহনের সুযোগ রাখা হয়েছে। প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন। তবে পানি যাতে পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
রমজান উপলক্ষে বৃহস্পতিবার থেকেই দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ হচ্ছে। ইতোমধ্যে মাদরাসা ও কলেজে ছুটি কার্যকর হয়েছে বুধবার থেকে। পরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার রাতে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিকসহ সব ধরনের বিদ্যালয়ে রমজানের ছুটি চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত। তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এবং পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করবেন।
এর আগে প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, মাদরাসা ও কলেজে পুরো রমজান মাস ছুটি থাকার কথা জানানো হয়েছিল। এসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটি শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ থেকে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।