দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। অন্যদিকে মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক উপজেলায়।
এ ছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ঢাকা থেকে ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে ভূমিকম্পে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১০ ফেবুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। রিখটার স্কেলে ওই দিন বিকেল ৫টা ৩২ মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৪, যার উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।