সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেলওয়ের লোকসান কমিয়ে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে আর দেখতে চায় না সরকার। একে ঢেলে সাজাতে হবে এবং লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আব্দুল গণি রোডে রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রেলের উন্নয়ন ও যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে।
টিকিটে কালোবাজারি প্রতিরোধ, দুর্নীতি দমন ও যাত্রীসেবার মানোন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন জানিয়ে রেলমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় আগামী ১৮০ দিনের মধ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেন মন্ত্রী।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনে যাত্রার সময় কীভাবে কমিয়ে আনা যায়, তা আগামী এক সপ্তাহের মধ্যে খুঁজে বের করা এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানান রবিউল আলম।
সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।