নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায়’ একটি কারখানায় হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনার নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ কারখানায় গত ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তা মনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, শ্রমিকদের মারধর এবং কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চাঁদা দাবির পরিপ্রেক্ষিতে এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; বরং দেশের শিল্পখাত, বিনিয়োগ পরিবেশ ও কর্মসংস্থানের ওপর সরাসরি আঘাত। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘পত্রিকায় এই ঘটনার অভিযোগে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল রহমান হুমায়ুনের নাম এসেছে। আমি অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছি এবং জড়িতদের দলীয় পরিচয় যাই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’