ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদে সরকার দলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ জানতে চেয়েছে পল কাপুর।
এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে ভাইব্রেন্ট রোল প্লে করবে দলটি। জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন বিষয়ে কথা বলবে সংসদে। এছাড়া, ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি।
জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কিনা, এ বিষয়েও আলোচনা হয়েছে। জামায়াত বিষয়টিতে ইতিবাচক, এমনটিই জানানো হয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, জামায়াতের আমির পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম মিলন এমপি।
সকাল ১১টায় বিএনপির সঙ্গেও বৈঠক হবে পল কাপুরের। আর সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।