আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের প্রত্যাশা ও নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন সম্রাট এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, নগর পরিচালনায় দক্ষ, সৎ ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই তৃণমূল থেকে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং জনসেবায় নিবেদিত ব্যক্তিদের সামনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে সম্ভাব্য প্রার্থীদের জন্য কিছু যোগ্যতার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা, এবং নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে বলে জানানো হয়।
এনসিপি মনে করে, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়ই ঢাকাকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর করতে পারে। সেই লক্ষ্যেই একটি আদর্শ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনে সহায়তা করাই দলের মূল উদ্দেশ্য।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহীদের ই-মেইল [email protected] অথবা হটলাইন নম্বর ০১৩২১-২১৪২১৪-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।