রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ভেঙে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শনিবার (১৪ মার্চ) সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এসময় দলের নাম, মুখপাত্রের নাম এবং আংশিক কমিটি ঘোষণা করা হবে।
একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও ধর্মীয় মূল্যবোধের সুরক্ষাসহ ১২ দফা কর্মসূচি তুলে ধরা হবে।
নতুন রাজনৈতিক দলের নেতা ও আপ বাংলাদেশের সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ জানান, ঈদের পর দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নতুন এই রাজনৈতিক দল যাত্রা শুরু করছে বলেও জানান তিনি।
২০২৫ সালের ৯ মে ‘ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছিল আপ বাংলাদেশ। এর ১০ মাস পর প্ল্যাটফর্মটি ভেঙে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা এল।