পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্বাসরুদ্ধকর জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, গতকাল (রোববার ১৫ মার্চ) ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তিনি, তার দল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের পরিচয় দিয়েছেন। শেষ পর্যন্ত ১১ রানের জয় এবং সিরিজ নিশ্চিত করা জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।