রাজধানীর মিরপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশের চলমান পরিস্থিতি, বিশেষ করে ঈদযাত্রায় ভোগান্তি ও জুলাই সনদ ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুরের ৬০ ফিট সড়ক সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদের জামাতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। তবে এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হয়েছে।
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বল্প আয়ের মানুষ সারা বছর কষ্ট করে টাকা জমিয়ে ঈদে বাড়ি যায়। কিন্তু অতিরিক্ত ভাড়া ও অব্যবস্থাপনার কারণে তাদের সেই আনন্দ নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতিকে তিনি ‘অমানবিক’ এবং ‘মানবতাবিরোধী’ বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব ছিল ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করা, কিন্তু তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জাতি হিসেবে এটি লজ্জাজনক।
একই সঙ্গে ডা. শফিকুর রহমান বিশ্ব মুসলিমদের দুর্দশার কথাও তুলে ধরেন। গাজা, ফিলিস্তিন, কাশ্মীরসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষের জন্য দোয়া কামনা করেন তিনি। বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ঈদের আনন্দ নেই; সেখানে মানবতা বিপর্যস্ত হচ্ছে।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুলাই শহীদ পরিবারগুলোর অভিযোগ প্রসঙ্গে বলেন, বিষয়টি ইতোমধ্যে সংসদে উত্থাপন করা হয়েছে এবং স্পিকার তা আমলে নিয়েছেন। এ বিষয়ে আলোচনা হবে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জনগণ গণভোট ও সংসদ নির্বাচনের মাধ্যমে যে রায় দিয়েছে, সেটির প্রতি সম্মান দেখানো উচিত। গণভোটকে সমর্থন দিয়ে পরে বিরোধিতা করা হলে তা দুঃখজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের বড় একটি অংশ এই দাবির পক্ষে রয়েছে এবং প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে এই দাবি আদায় করা হবে।