বাকস্বাধীনতার পূর্ণ চর্চা নিশ্চিত করা হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম নয়, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবস্থায় কাউকে গুমের শিকার হতে হবে না।
রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান ব্যবস্থায় মানুষের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং নিজের মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না—এমন একটি নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি মহল বিএনপির বিরুদ্ধে অবান্তর বক্তব্য ও মিথ্যাচার করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যারা বর্তমান সরকারকে নিয়ে ‘মিথ্যাচার’ করছে, তারা ফ্যাসিবাদের লক্ষণ বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজার এবং খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেবেন।