স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশপ্রেমিক ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে সংগঠনটি এগিয়ে চলেছে।
এ সময় স্বাধীনতার এই ঐতিহাসিক দিনে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, স্বাধীনতা দিবসের র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, মেধাবী ছাত্র সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ, শাখা-থানা-ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং স্থানীয় ও আঞ্চলিক পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্যাম্পেইন।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংগঠনটির সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে।