নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে বুধবার (২৫ মার্চ) ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে কাফরুল থানার উপ-পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা ও গুলি চালায়।
ঘটনার দিন ১৯ জুলাই মামলার বাদী শাহ আলী প্লাজা এলাকা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে বাদীর পেটের ডান পাশে দুটি গুলি লাগে, যা পিঠ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী বশির উদ্দিন ২০২৪ সালের ১০ অক্টোবর কাফরুল থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা আদালতে জানান, তরিকুল ইসলাম তারেক এর আগে কাফরুল থানার অপর একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বর্তমান মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।