বর্তমান সরকারের মধ্যে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। তিনি বলেন, অতীতে যেসব বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছিল, এখন সেগুলোরই পুনরাবৃত্তি ঘটছে।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের পরিবর্তে প্রশাসক নিয়োগ দেওয়া সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এর ফলে নির্বাচিত প্রতিনিধিদের যেকোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে চলে যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে তিনি বলেন, পূর্বে বহু সংস্থার কাছে বিনা অনুমতিতে ব্যক্তিগত যোগাযোগে নজরদারির ক্ষমতা সম্পূর্ণ যন্ত্রপাতি ছিল, যা পরে অন্তবর্তীকালীন সরকারের আমলে সীমিত করে আদালতের অনুমতির বাধ্যবাধকতা আনা হয়। কিন্তু সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে আবারও সেই অবাধ নজরদারির সুযোগ তৈরি করা হচ্ছে, যা নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
যেসব অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানো যায়, সেগুলো রাখা হচ্ছে; কিন্তু যেখানে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয় রয়েছে, সেগুলো বাতিল করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।