সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমির (৩৭) জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম।
এর আগে, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের ‘ক্ষণিকালয়’ নামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সুমি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।
গ্রেপ্তারের আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি ‘Sawoda Sumi’ থেকে দেওয়া এক পোস্টে সাওদা সুমি লেখেন, ‘আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিছে। তাহলে দুই-তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনা লাগবে?’
এছাড়াও বিভিন্ন সময়ে সরকারের সমালোচনা করে একাধিক পোস্ট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে পুলিশ উল্লেখ করে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (গোয়েন্দা শাখা) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে সাওদা সুমি ফেসবুক পোস্টের সত্যতা স্বীকার করে জানান, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। পুলিশ বলছে, তার এসব কর্মকাণ্ড সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া তার মোবাইল ফোনে থাকা পোস্টসমূহ তাৎক্ষণিকভাবে পর্যালোচনা সম্পন্ন না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করে পুলিশ।
এদিকে জামায়াতকর্মী সাওদা সুমিকে জামিন দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।