জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক দুর্যোগে দেশকে ঠেলে দিয়েছে বিএনপি। এ জন্য বিএনপিকেই দায় নিতে হবে এবং এর পরিণতি তাদের ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে সোমবার (১৩ এপ্রিল) ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য এ সেমিনারের আয়োজন করে।
নাহিদ ইসলাম এদিন আরও বলেন, গতকাল হাম রোগে ১০ জন শিশু মারা গেছে। সারাদেশে হাহাকার চলছে, সাধারণ মানুষ আইসিইউ পাচ্ছে না। তেল সংকটসহ নানা সমস্যার মধ্য দিয়ে দেশ যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার নিয়ে যে আলোচনা ও আন্দোলন হয়েছে, তা এখন আবারও একই জায়গায় ফিরে এসেছে।
অভিযোগ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি উঠেছিল, তা বাস্তবায়নের পথে বাধা তৈরি করা হচ্ছে। গণভোটের রায় অস্বীকার করে বিএনপি কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ মানার কথা বললেও জুলাই আদেশকে অবৈধ বলছে, যা তাদের অবস্থানকে দ্বৈত করে তুলেছে।
সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।