কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংঘটিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটি এ ঘটনাকে ন্যক্কারজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১ টায় জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানা যায়, হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মনজুর আলম অতীতে ২০১০ ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন এবং খালেদা জিয়ার বিভিন্ন কর্মসূচিতে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়।
প্রতিবাদ লিপিতে বলা হয়, অতীতে একই ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকলেও এবং কোনো প্রতিবাদ না হলেও বর্তমানে তাকে দোসর আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর মব সন্ত্রাস চালানো স্পষ্ট দ্বিচারিতা ও রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।
জাতীয় যুবশক্তি আরও জানায়, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ছাড়া সব রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।