জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের শুরু হচ্ছে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে। দুই দিনে বিভাগভিত্তিক এ সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আগ্রহী প্রার্থীদের মধ্যে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হবে। শনিবারও একই সময়ে সাক্ষাৎকার চলবে।
তিনি জানান, শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয়েছে। সাক্ষাৎকার বোর্ডে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
জানা যায়, সংরক্ষিত নারী আসনের মনোনয়নের জন্য গত ১০ এপ্রিল থেকে তিন দিনব্যাপী ফরম বিতরণ কার্যক্রম চালানো হয়। এতে এক হাজার ২০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে। জমা পড়া ফরমের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও অন্তত ৯০০ আবেদন জমা পড়েছে বলে দলীয় সূত্রের দাবি।
দলীয় সূত্র আরও জানায়, মনোনয়নপ্রত্যাশীদের জমা দেওয়া জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করবে পার্লামেন্টারি বোর্ড। প্রাথমিক বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এ সময় তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও জানতে চাওয়া হবে।
সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬টি আসন পেলেও শতাধিক নারী নেত্রীকে চূড়ান্ত বিবেচনায় রাখা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। বিশেষ করে যেসব জেলায় দল তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে রয়েছে, সেসব এলাকায় বেশি প্রার্থী দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।