মনোনয়নপত্র বাতিল
সংরক্ষিত নারী আসনের জন্য নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে, কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সিফাত জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে তিনজন প্রার্থী মনোনয়ন জমা দেন। তারা হলেন ডা. মাহমুদা মিতু, মনিরা শারমিন এবং নুসরাত তাবাসসুম। এর মধ্যে ডা. মাহমুদা মিতুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়েছে এবং নির্ধারিত সময়ের পরে জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র কমিশন বিবেচনায় নেয়নি।
তিনি আরও জানান, মনিরা শারমিন মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে আপিল করবেন এবং এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন। তবে নুসরাত তাবাসসুমের ক্ষেত্রে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ না থাকায় তাকে সরাসরি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে হবে।
সিফাত বলেন, হাইকোর্ট যদি নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ‘অন মেরিট’ যাচাইয়ের জন্য রুল জারি করে নির্দেশনা দেন, তাহলে নির্বাচন কমিশন তা পুনরায় যাচাই করে সিদ্ধান্ত জানাবে। এ বিষয়ে দ্রুত রিট পিটিশন দায়ের করা হবে বলেও জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, আইনি লড়াই শেষে আসনটি এনসিপির দখলেই থাকবে।