রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পর মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।
সমাবেশে রাজধানীসহ আশেপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। এ সময় লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল হাতে নেতাকর্মীদের উল্লাস করতে দেখা যায়। লাল টুপি মাথায় হাজারও নেতাকর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশে পুরুষের পাশাপাশি যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও৷ শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশস্থলে নির্মিত হয়েছে লাল কার্পেট বিছানো বিশাল মঞ্চ, যেখানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে৷ রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও৷
সমাবেশে অংশ নেওয়া শ্রমিকরা জানান, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকারের কাছ থেকে তারা কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিপরীতে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা এবং আউটসোর্সিং নিয়োগের মতো জটিলতার অবসান চাইছেন তারা।