সরকার স্থানীয় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন না করে সরকার ভিন্ন পথে এগোচ্ছে, যা জনগণের সেবায় বিঘ্ন সৃষ্টি করছে। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করেনি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। অতীতে যারা জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করেছে তারা টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণ প্রজন্ম প্রচলিত রাজনীতিকে প্রত্যাখ্যান করছে।’
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে এই মুখপাত্র বলেন, ‘দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধারাবাহিকভাবে দলে যোগ দিচ্ছেন এবং এই ধারা অব্যাহত থাকবে। সাম্প্রতিক কর্মসূচিতে জুলাই আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আহত ও আত্মত্যাগী ব্যক্তিদের অংশগ্রহণ নতুন বাংলাদেশ গঠনের প্রেরণা হিসেবে কাজ করবে।’
এসময় তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষের মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।