জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে জাইকার সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জাইকার প্রতিনিধি দল বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন সহযোগিতা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
আলোচনায় জাইকার পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ বর্তমানে সংস্থাটির অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে অবস্থান করছে।
এ সময় ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ জাইকার উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও অগ্রাধিকার পাবে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণের কল্যাণ, দক্ষ মানবসম্পদ গঠন, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।