দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসীদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশে সংকটকালীন পরিস্থিতিতে প্রবাসীরা আশার আলো জাগিয়ে রেখেছিল। ওই আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ আন্দোলনের বিষয়গুলো তুলে ধরতেও প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতের নির্বাচনগুলোতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করে যাবে বলেও আশ্বাস দেন এনসিপির এই মুখপাত্র।
এ সময় প্রবাসী বাংলাদেশিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল, শিক্ষার্থীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থা, কোরিয়ায় বাংলাদেশি অভিবাসন প্রক্রিয়া সহজ করা, দালালচক্রের অপতৎপরতা বন্ধ, বিমানবন্দরে হয়রানি রোধ এবং দেশে প্রবাসীদের অধিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, দক্ষিণ কোরিয়া শাখার আহ্বায়ক আরিফুর রহমান, সদস্য সচিব বাবুল মিয়া প্রমুখ।