জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধী দল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার (৭ জুন) বাজেট অধিবেশন শুরুর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে জনগণের প্রত্যাশা ও স্বার্থের বিষয়গুলো তুলে ধরে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং বাজেটের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করবে।’
বৈঠকে বাজেট অধিবেশন উপলক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান, করণীয় এবং সংসদীয় কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।