‘রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছেন।
‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।
পোস্টে নুরুল হক নুর জামায়াত-শিবিরের কথিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি দলটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গত দেড় দশক যেভাবে ‘গুপ্ত’ ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন ‘গুপ্ত’ থাকার ব্যবস্থা করা হবে।
পোস্টের সঙ্গে তিনি তার দলের এক নেতা ও অপর এক ব্যক্তির রক্তাক্ত পায়ের ছবিও যুক্ত করেন।