আগামী ২ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের। রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানান, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে মির্জা আব্বাসের। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।
এর আগে, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।